আজ ফেসবুকে একটা ষ্ট্যাটাস দিয়েছিলাম 'সাতদিনের কঠোর সংযম সাধনার পরে ফিরে এলো ফেসবুক'। অকালকুস্মান্ড সরকার মাথাব্যাথা সারাতে গিয়ে মাথাটা কেটে ফেলেছিলো বন্ধ করে দিয়েছিল ফেসবুক [১]। অনেক দেন দরবার, কান্নাকাটির পরে বস্তুটা আবার সাতদিনের মাথায় খুলে দেয়া হল এবং সেই সাথে লোকজনের হুড়োহুড়ি শুরু হয়ে গেল। ভাল। অতীব ভাল সিদ্ধান্ত। সর্বক্ষেত্রেই সরকার বাহাদুর তার ব্যাপক বাহাদুরিত্ত্ব দেখিয়ে যাচ্ছে।
অবশ্যই ফেসবুক খেলে দেয়ার সিদ্ধান্ত এক বিশাল আনন্দ। ফেসবুকের প্রভাবটা এমনই ব্যাপক যে সবাই হাসফাস করছিলো আর নানা চিপা চাপা দিয়ে, প্রক্সি সার্ভার দিয়ে লগ-ইন করে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিল। কিন্তু বাহাদুর সরকার কবে বা কখন এটা খুলে দেবার এই আনন্দ উপলক্ষ্য এনে দিলো? যেদিন বাংলাদেশে সবচেয়ে মর্মান্তিক আগুন দুর্ঘটনার কারনে ১২০ জনের পোড়া লাশ দেখতে হলো তার দুদিন পরে, এবং এই উপলক্ষে বাহাদুর কর্তৃক এলানিত শোক দিবসে।
পোস্টের স্রোত আস্তে শুরু করল। লক্ষ্য করলাম সবাই অনেক আনন্দিত, উচ্ছসিত। আমিও [নিজেকে কেব্লা লাগছিল ফেসবুকের কানেকশন ছাড়া, দেশের সাথে যোগাযোগের সূতোটা অনেক চিকন হয়ে গিয়েছিল] সবার সাথে আনন্দ শেয়ার করলাম আমার ষ্ট্যাটাস দিয়ে। কিন্তু চোয়াল ঝোলা বিস্ময়ের সাথে খেয়াল করলাম মাত্র একদিন আগে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি নিয়ে কারো কোন ষ্ট্যাটাস ম্যাসেজ নেই, সবাই একে অপরের সাথে এদের মত কোলাকুলি করে ফেসবুক মোবারক জানাচ্ছে ভার্চুয়ালি [দু একজন ব্যাতিক্রম বাদে, কিন্তু মনে হচ্ছিল তারা বিলুপ্তপ্রায় প্রানীকুলের প্রতিনীধি]।
সরকার বাহাদুর কে ধন্যবাদ দিতেই হয় শোকের দিনে এমন আনন্দ উপলক্ষ্য এনে দেবার জন্য। আমরা নিজেরা নিজেদের পিঠ চাপরে দিতে পারি এই বলে আমরা আমাদের কোমল অনুভুতিগুলোকে কবরস্থ করার আয়োজন প্রায় সম্পন্ন করার কৃতিত্ত্বে। আমাদের তো আসলে এমন কোমল অনুভুতি থাকতে নেই। বর্ষা সমাগত। পানি-দুর্ঘটনায় ২০০/৪০০ অবিরাম মরতে থাকবে। তারপরে শুকনো মৌসুমে আগুন লাগতে থাকবে বস্তি থেকে শুরু করে বসুন্ধরাতে। এতো কোমলতা থাকলে বাংগালীর তো ৩৬৫ দিনই শোকাহত থাকতে হবে।
আমাদের সুখের অনুভুতি উপচিয়ে পড়েছিল ফেসবুক খুলে দেয়াতে। অবশ্যই দুক্ষের অনুভুতিও যেদিন আগুনে পুড়ে ১২০ জন মারা গেলো। কিন্তু দুই অনুভুতিকে যখন দাড়িপাল্লার দুইপাশে রাখি তখন দুক্ষের অনুভুতিটা ভরশুন্য হয়ে প্রায় উলম্ব অবস্থানে চলে যায়। সুখানুভুতির ভর আসলে অনেক বেশী।
Sunday, 6 June 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment